রাশিয়ার কামচাটকা উপদ্বীপ অঞ্চলে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) এই তথ্য নিশ্চিত করেছে।
ইএমএসসি জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪০ কিলোমিটার গভীরে এবং কেন্দ্র ছিল রাশিয়ার দূরপ্রাচ্যের ভিলিউচিনস্ক শহরের প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
ভূমিকম্পের পরপরই কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র নিশ্চিত করেছে যে, এই কম্পনের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই।
প্রাথমিকভাবে ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগর ঘিরে থাকা ভূমিকম্পপ্রবণ বলয় ‘রিং অব ফায়ার’-এর অন্তর্ভুক্ত হওয়ায় কামচাটকা উপদ্বীপে প্রায়শই ভূমিকম্প অনুভূত হয়।
এর আগে গত বছরের জুলাই মাসে কামচাটকার উপকূলীয় এলাকায় ৮ দশমিক ৮ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল, যার ফলে সৃষ্ট সুনামির ঢেউ উপকূলীয় একটি গ্রামের অংশবিশেষ ভাসিয়ে নিয়ে গিয়েছিল।























