সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্য মাহরা আল নাহিয়ান মাদক সেবনের পর লন্ডনের একটি ব্যস্ত রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকার ঘটনায় বিশ্বজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার সময় তার তত্ত্বাবধানে থাকা একটি শিশু খালি পায়ে বিপজ্জনকভাবে রাস্তায় খেলছিল। এই শিশুটির প্রতি দায়িত্ব অবহেলার অভিযোগ আদালতে সবিস্তারে স্বীকার করেছেন ৩২ বছর বয়সি রাজবধূ মাহরা।
লন্ডনের সাউথওয়ারর্ক ক্রাউন কোর্টে এই মামলার শুনানিতে জানানো হয়, গত জুনে পশ্চিম লন্ডনের একটি সড়কে এক ব্যক্তির পাশে মাহরাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। এ সময় তার পাশেই একটি ছোট শিশু একা ঘোরাফেরা করছিল। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসার আগ পর্যন্ত স্থানীয় লোকজনই শিশুটির নিরাপত্তা নিশ্চিত করেন। আদালতে রাজবধূর আইনজীবী জানান, অতিরিক্ত ক্লান্তি ও কোকেন আসক্তির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
আদালতের রায়ে বিচারক কড়া ভাষায় জানান, সাধারণ মানুষের সময়মতো হস্তক্ষেপে শিশুটি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে। এই অপরাধের দায়ে আদালত মাহরাকে দুই বছরের কমিউনিটি অর্ডার এবং বাধ্যতামূলক পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তাকে আর্থিকভাবেও জরিমানা করা হয়েছে। বর্তমানে তিনি একটি ক্লিনিকে মাদকাসক্তি থেকে বেরিয়ে আসার জন্য চিকিৎসাধীন রয়েছেন।























