বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক যুদ্ধবিমান ইউরো ফাইটার টাইফুন সরবরাহ করবে ইতালি। এ লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী ও ইতালিভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর মধ্যে লেটার অব ইনটेंट (সম্মতিপত্র) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমান বাহিনী সদরদপ্তরে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। এ ছাড়াও অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ইতালির প্রতিনিধিরা অংশ নেন।
আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ শক্তি বৃদ্ধির অংশ হিসেবে সম্মুখসারির অপারেশনে অংশ নিতে সক্ষম মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবেই ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহে সম্মত হয়েছে লিওনার্দো এসপিএ।














