যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ বন্ধে আরও কঠোর অবস্থান নিচ্ছে ইরান। একই সাথে বৈশ্বিক ইন্টারনেট ব্যবহারের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপের ইঙ্গিত দিয়েছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও সাইবার কর্তৃপক্ষ।
তেহরান প্রশাসনের অভিযোগ, ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের এই সেবাটি শত্রুপক্ষের পক্ষ থেকে তথ্য সংগ্রহ, নজরদারি ও দেশের ভেতরে নির্দেশ পাঠাতে ব্যবহৃত হচ্ছে। সরকার নির্ধারিত কড়া সেন্সরশিপ এড়িয়ে অনলাইনে যুক্ত হওয়ার সুযোগ থাকায় ইরানে আগেই স্টারলিংক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সাইবারস্পেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আমিন আগামিরি স্টারলিংককে শত্রুদের সাইবার হাতিয়ার হিসেবে আখ্যা দিয়ে জানান, এই সংযোগ বিচ্ছিন্ন বা অকার্যকর করতে তাদের কাছে একাধিক প্রযুক্তিগত ব্যবস্থা রয়েছে। সিগন্যাল জামার ও ভুয়া জিপিএস লোকেশন ব্যবহার করে এই স্যাটেলাইট সেবাকে বিভ্রান্ত করার চেষ্টা চালানো হচ্ছে।
যুদ্ধের অজুহাতে জাতীয় নিরাপত্তা রক্ষার তাগিতে প্রায়ই দেশটিতে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হচ্ছে বা সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রাখা হচ্ছে। ভবিষ্যতে স্টারলিংকের প্রভাব থামাতে অভ্যন্তরীণ সাইবার নীতিমালায় আরও কঠোরতা আসতে পারে বলে আভাস পাওয়া গেছে।























