দেশকে এগিয়ে নিতে হলে দেশের মূল চালিকাশক্তি কৃষক ও কৃষিখাতকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, প্রচলিত পরিসংখ্যানে দেশের ৫০ থেকে ৫৫ শতাংশ মানুষকে কৃষক বলা হলেও প্রকৃতপক্ষে ৭৫ থেকে ৮০ শতাংশ মানুষই কৃষির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) চাঁদপুরে মৎস্য ডিপ্লোমা ও মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদের উদ্দেশে মন্ত্রী বলেন, যারা আগামী দিনে দেশ পরিচালনা করবে, আজ তাদের সামনে হাজির হয়েছি। আমাদের মূল দায়িত্ব আগামী প্রজন্মের জন্য দেশটাকে আরও সুন্দর ও সমৃদ্ধশালী করে গড়ে তোলা। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, যেখানে বছরজুড়েই বিভিন্ন ফসলের ফলন হয় এবং জলাশয়গুলোতে মাছের সমারোহ থাকে। এই প্রাকৃতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষি ও মৎস্য খাতের আধুনিকায়নের মাধ্যমে অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
মৎস্য খাতের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, নদ-নদী, খাল-বিল ও পুকুরে মাছ উৎপাদনের বিপুল সুযোগ রয়েছে। পরিকল্পিত ব্যবস্থাপনা এবং প্রশিক্ষিত জনবল তৈরি করা গেলে এই খাত আরও সমৃদ্ধ হবে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম যুগোপযোগী করার ওপর জোর দেন তিনি।
চাঁদপুর মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের ফিশারিজ অফিসার মো. হাসিব রানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






















