গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানকে ভার্চ্যুয়ালি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
প্রসিকিউটর তামীম জানান, জিয়াউল আহসানের মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে এবং এখন জেরা পর্ব অনুষ্ঠিত হবে। এর আগে নিয়মিত সশরীরে আদালতে হাজির করা হলেও আসামিপক্ষ থেকে জীবননাশের শঙ্কা প্রকাশ করে একটি আবেদন করা হয়। সেখানে জেলখানা থেকে প্রিজন ভ্যানে একা আসার পরিবর্তে অন্য আসামিদের সঙ্গে যাতায়াতের অনুমতি চাওয়া হয়েছিল।
প্রসিকিউশন থেকে জানানো হয়, আসামির নিরাপত্তা ঝুঁকির বিষয়ে তাদের আপত্তি নেই, তবে অন্য আসামিদের সঙ্গে একই ভ্যানে আসার আবেদনে তারা আপত্তি জানান। এর পরিপ্রেক্ষিতে সশরীরে আদালতে আনার বদলে জেলখানা থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত করার আবেদন করে প্রসিকিউশন।
আদালত সেই আবেদন মঞ্জুর করে জেলখানায় রেখেই ভার্চ্যুয়ালি বিচার কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন। বর্তমানে কারাগার ও ট্রাইব্যুনাল উভয় স্থানে প্রয়োজনীয় অডিও-ভিজ্যুয়াল কনফারেন্সের প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত রয়েছে।


























