ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) দিল্লির যন্তর মন্তরে আবারও নতুন প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে। আগের দিন পুলিশি বাধা ও দলটির শীর্ষ নেতাদের আটকের পরও রোববার সকাল থেকে নতুন করে এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
এক সংবাদ সম্মেলনে সিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক ইনচার্জ অজিঙ্কা শিন্ডে জানান, সিইসির বরখাস্ত না হওয়া পর্যন্ত প্রতিদিন যন্তর মন্তর অভিমুখে পদযাত্রা চলবে। তিনি শনিবারের পুলিশি অভিযানের তীব্র সমালোচনা করে জানান, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ আটক নেতাদের অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য দিচ্ছে না পুলিশ। এছাড়া নিজ ঠাকুরমার মৃত্যু সত্ত্বেও অভিজিৎ দীপককে শেষকৃত্যে যোগ দিতে না দেওয়ার অভিযোগ তোলে দলটি।
এদিকে এই আন্দোলনে সংহতি জানিয়ে সারা দেশের শিক্ষার্থীদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছে স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটও সোমবার বড় ধরণের কর্মসূচির ঘোষণা দিয়েছে। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী জানিয়েছেন, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হবে।























