দেশের বাজারে গরুর মাংসের দাম প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে এবং জীবিত গরু ও প্যাকেটজাত হালাল মাংস আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। সাধারণ মানুষের প্রাণিজ প্রোটিনের চাহিদা মেটানো ও খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের স্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রোববার এই নোটিশ পাঠান।
নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, দেশে বর্তমানে গরুর মাংস প্রতি কেজি ৭৮০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। ফলে অনেকেই পুষ্টিহীনতার শিকার হচ্ছেন। চারণভূমি ও পশুখাদ্যের সংকটের কারণে বাংলাদেশে উৎপাদন খরচ বেশি হলেও যেসব দেশে প্রাকৃতিক চারণভূমি রয়েছে, সেখানে কম খরচে মাংস উৎপাদিত হয়। সেখান থেকে আমদানির সুযোগ দিলে সহজেই স্থানীয় বাজারে দাম ২৫০ টাকায় নামিয়ে আনা সম্ভব।
নোটিশে আরও বলা হয়, জনগণের মৌলিক খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। নির্দিষ্ট কোনো গোষ্ঠীর স্বার্থে আমদানিতে বাধা সৃষ্টি করা সংবিধানের পরিপন্থি। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহার ও শুল্ক যৌক্তিকীকরণের পদক্ষেপ না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হবে বলেও সতর্ক করা হয়েছে।


























