ভারতের রাজধানী দিল্লিতে বিরোধী দলের নেতাকর্মীদের আটকের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেছেন বিখ্যাত পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। বর্তমান পরিস্থিতিকে ‘অঘোষিত জরুরি অবস্থা’ বলে উল্লেখ করে তিনি হুশিয়ারি দিয়েছেন যে, রবিবারের মধ্যে আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া না হলে তিনি অনির্দিষ্টকালের অনশন ও পদযাত্রা কর্মসূচি শুরু করবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ওয়াংচুক জানান, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। বিরোধীদের এই গণআটক প্রক্রিয়া গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।
জানা গেছে, দিল্লির বিভিন্ন এলাকায় রাতভর ও দিনভর অভিযান চালিয়ে পুলিশ আন্দোলন সংশ্লিষ্ট অভিযোগে চার সহস্রাধিক মানুষকে আটক করেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দিল্লির সীমান্ত এলাকাগুলোতে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।























