ভারতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় আটক হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ষ তিন নেতার অবস্থান নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে দলটি। আটকের পর থেকে তাদের কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে প্রশাসন কোনো তথ্য দিচ্ছে না বলে দলটির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে।
আটক নেতারা হলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দুই নেতা সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কা। শনিবার দিল্লির বিমানবন্দরে পৌঁছানোর পর বিমানের ভেতর থেকেই তাদের আটক করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দলটির পক্ষ থেকে জানানো হয়, আটকের বিষয়টি নেতাদের পরিবারকে জানানো হয়নি এবং তাদের আইনজীবীর সঙ্গেও কোনো যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না।
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কথিত অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। তবে পুলিশ এই কর্মসূচির অনুমতি দেয়নি এবং নিরাপত্তা জোরদার করে আন্দোলনকারীদের আটক করে। আটক নেতাদের সন্ধান না মেলায় তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে দলটি। এ বিষয়ে এখন পর্যন্ত দিল্লি পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।























