চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় ২৪ বছর ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সের ভেতর থেকে সাইমন (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় অবস্থিত ওই কারখানা প্রাঙ্গণ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সাইমন স্থানীয় ভায়েরখীল এলাকার লোকমান হোসেনের ছেলে।
কারখানার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক নিতাই চন্দ্র রায় জানান, শনিবার ভোরে কারখানার ভেতরে বৈদ্যুতিক তার কাটতে গিয়ে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে প্রহরীরা তারের সঙ্গে জড়ানো অবস্থায় মরদেহটি দেখতে পান। অতীতেও কারখানা থেকে বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু হেনা মুস্তাফা কামাল জানান, প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি ধারণা করা হচ্ছে। তার চুরির উদ্দেশ্যে প্রবেশের বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কারখানাটিতে ২০০২ সালের নভেম্বর থেকে উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।


























