ভারতে ভোটাধিকার রক্ষার দাবিতে রাজধানী দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। কেরালার আলপ্পুঝায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কর্মসূচির কথা জানান সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।
তিনি জানান, জনগণের ভোটাধিকার ও সংবিধান রক্ষার চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী সোমবার দিল্লিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে জোটের শীর্ষ নেতারা ইতিমধ্যে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং প্রধান বিচারপতির সঙ্গেও দেখা করার পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে কে সি বেণুগোপাল প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রক্ষা করার চেষ্টার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, এই পদক্ষেপই তাদের পতনের কারণ হবে এবং বিরোধীদের আন্দোলনে ভীত হয়েই সরকার দিল্লি অবরুদ্ধ করে রাখছে।
কংগ্রেসের এই নেতা আরও বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে। পাশাপাশি কেরালার ভোটার তালিকা সংশোধনের ওপরও বিরোধী দলগুলোর কড়া নজরদারি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।























