ভারতের যুবসমাজকে চলমান আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি মন্তব্য করেছেন, সরকার এবং যারা দেশের সংবিধানের ওপর আঘাত হেনেছে, তাদের পরাজয় নিশ্চিত করা হবে।
চেন্নাইয়ে আয়োজিত ‘ছাত্রন কি গুঞ্জ’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাহুল গান্ধী এই প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মূল বৈশিষ্ট্য হলো কাপুরুষতা।
কংগ্রেস নেতা আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএসপ্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের জন্য পরিস্থিতি দিন দিন সংকুচিত হয়ে আসছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রাহুল উল্লেখ করেন, এক দশকেরও বেশি সময় ধরে তিনি নরেন্দ্র মোদি ও আরএসএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছেন। প্রতিপক্ষকে হাতের তালুর মতো ভেতর-বাহির পুঙ্খানুপুঙ্খভাবে চেনার দাবি করে তিনি তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দেন।























