শ্রেণিকক্ষে হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা তাসনিম সিরাজ মাহবুবকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। শনিবার বিকেলে ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে আয়োজিত ‘শানে রেসালত সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।
সম্মেলনে হেফাজত মহাসচিব বলেন, ওই শিক্ষিকাকে শুধু প্রশাসনিক বা একাডেমিক কাজ থেকে দূরে রাখলেই চলবে না, তাকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। তিনি উল্লেখ করেন, ইসলাম ধর্মে নারীদের যে সর্বোচ্চ সম্মান ও সুরক্ষা দেওয়া হয়েছে, তা অন্য কোনো আদর্শে নেই। মহানবী (সা.)-এর মর্যাদা রক্ষা করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, তাকে নিয়ে কোনো ধরনের কটূক্তি বা অবমাননা সহ্য করা হবে না।
বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে দ্রুত আইন পাস করার আহ্বান জানান। পাশাপাশি কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা এবং ‘হিজবুত তওহিদ’ সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানান। সেই সঙ্গে ধর্মীয় অনুভূতি সম্পর্কিত যেকোনো নীতি প্রণয়নে শীর্ষস্থানীয় আলেমদের পরামর্শ নেওয়ার ওপর তিনি জোর দেন।
ফেনী জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আফজালুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সম্পাদক মাওলানা ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওলামা বাজার মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম আদিব, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক খলিল আহমদ কোরাইশী এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ সংগঠনের শীর্ষ নেতারা।


























