পটুয়াখালীর দশমিনা উপজেলায় সরকারি নির্দেশ অমান্য করে তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের অভিযোগে আটজন জেলেকে আটক করেছে যৌথ অভিযান পরিচালনাকারী টিম। পরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌপুলিশের যৌথ অভিযানে তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এ সময় মাছ ধরার তিনটি ট্রলার এবং সাড়ে তিন হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত জাল পরবর্তীতে নদীর তীরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আটক জোলদের বাড়ি পটুয়াখালীর গলাচিপা ও ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন গ্রামে। অভিযান শেষে আটকদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী সাজা প্রদান করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।


























