ওমান উপসাগরে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ অচল করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শনিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইরানকে ঘিরে থাকা মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টার সময় জাহাজটি বারবার সতর্কবার্তা অগ্রাহ্য করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সেন্টকম জানিয়েছে, পানামার পতাকাবাহী এমভি ওশান মলিকা (যা ‘আরিকা সান’ নামেও পরিচিত) নামের জাহাজটির পেছনের অংশে একটি মার্কিন যুদ্ধবিমান থেকে নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র দিয়ে আঘাত হানা হয়।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, এই সামরিক অভিযানের সময় জাহাজটিতে থাকা নাবিকদের কোনো ধরনের ক্ষতি হয়নি। ইরানের একটি বন্দর ছেড়ে আসার পর জাহাজটি আঞ্চলিক সমুদ্রসীমা অতিক্রম করার চেষ্টা করছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।























