সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পর সাময়িকভাবে এর সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার স্বার্থেই সাময়িকভাবে বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
বিমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর পরিসংখ্যান অনুযায়ী, ঘটনার দিন কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ১৫৫টি আগমনী ও ১৬১টি বহির্গামী ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া আরো ২২২টি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বিলম্বিত হয়েছে। রিয়াদ অভিমুখী সব ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে কিংবা বাতিল করা হয়েছে।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে জানিয়েছে, বিমানবন্দরে এ হামলায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে চারজন সৌদি আরবের এবং দুজন বাংলাদেশের নাগরিক রয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০৯ জন।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি এই হামলার দায় স্বীকার করেছেন। তার দাবি, ইয়েমেনে সৌদি আরবের হামলার প্রতিক্রিয়া হিসেবেই তারা এই আক্রমণ চালিয়েছেন। চলতি সপ্তাহে বিমানবন্দরটিতে এটি তৃতীয় হামলার ঘটনা।























