ব্যস্ত ও ইট-পাথরের নগরী ঢাকায় ক্রমান্বয়ে কমছে গাছপালা ও পাখিদের নিরাপদ আশ্রয়। এমন পরিস্থিতিতে পরিবেশ রক্ষা ও পাখিদের নিরাপদ আবাস নিশ্চিত করতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে ‘আকাশ নীড়’ নামে একটি ব্যতিক্রমী ছাদবাগান গড়ে তোলা হয়েছে। জেলা প্রশাসক ফরিদা খানমের বিশেষ উদ্যোগে এই সবুজ আঙিনাটি রূপ নিয়েছে পাখির অভয়ারণ্যে।
প্রায় ৪৫০ প্রজাতির ফুল, ফল ও শোভাবর্ধনকারী গাছে সাজানো এই বাগানটিতে পাখিদের খাবার ও বিচরণের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। গাছে বাঁধা হাঁড়ি এবং বাবুই পাখির আদলে বানানো বিশেষ বাসস্থানের পাশাপাশি এখানে বিভিন্ন প্রজাতির পাখি ও অন্য প্রাণী রাখা হয়েছে। বাগানটির পরিচর্যার দায়িত্ব পালন করছে ‘গ্রিন সেভারস’ নামের একটি সংস্থা।
প্রকৃতির ভারসাম্য রক্ষা ও নগরবাসীকে সচেতন করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, শহরের প্রতিটি ভবনের ছাদ ও বারান্দা সবুজ করা গেলে ঢাকা আরও বাসযোগ্য ও প্রাণবন্ত হয়ে উঠবে।


























