রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কার্যকর সমঝোতায় পৌঁছাতে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তাগিদ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ইউক্রেনের এমন একজন নেতা প্রয়োজন যিনি রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে সক্ষম।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনীয় সামরিক বাহিনীর রাশিয়ার তেল শোধনাগারে হামলার তীব্র সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জন্য এসব হামলাকে দায়ী করে তিনি মন্তব্য করেন, ইউক্রেন ইতোমধ্যে তাদের ভৌগোলিক সীমানার ৩০ শতাংশ হারিয়েছে এবং যুদ্ধে বিপুল প্রাণহানি ঘটেছে। এর পাশাপাশি রাশিয়া থেকে ডিজেল আমদানির নতুন চুক্তির কথা জানান ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানান, প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর দেশের জনগণের পূর্ণ আস্থা রয়েছে এবং নিজেদের নেতা নির্বাচনের অধিকার ইউক্রেনীয়দেরই। ইউক্রেনের বিরুদ্ধে চাপ সৃষ্টি না করে রাশিয়ার যুদ্ধ করার সক্ষমতা কমানোর তাগিদ দিয়েছেন জেলেনস্কিও।























