নাগরিকদের দৈনন্দিন চাহিদা পূরণ এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, নগরবাসীর স্বস্তি এবং সুস্থ জীবনযাত্রা নিশ্চিত করতে পর্যায়ক্রমে আরও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, দ্রুতগতির যানবাহনের ভিড়ে সাধারণ সড়কে সাইকেল চালানো ঝুঁকিপূর্ণ হওয়ায় বিমানবন্দর সড়কে এই বিশেষ সাইকেল ট্র্যাক নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে চট্টগ্রামের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও এমন ট্র্যাক ও ওয়াকিং ওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা নাগরিকদের শারীরিক ও মানসিক সুস্থতায় ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, সুস্থ থাকতে শারীরিক পরিশ্রমের বিকল্প নেই। নগরবাসীর সুবিধার জন্য নির্মিত এই ট্র্যাক কোনোভাবেই দখল হতে দেওয়া হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।






















