কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নে সরকারি গাছ কাটার অভিযোগে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ। অভিযুক্ত আবুল কাশেম বাকশীমূল ইউনিয়নের কালিকৃষ্ণনগর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইউপি সদস্য।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর বিকেলে কালিকৃষ্ণনগর এলাকায় সরকারি গাছ কাটার খবর পেয়ে স্থানীয় রাজনৈতিক কর্মীরা ঘটনাস্থলে যান। সেখানে ইউপি সদস্যের বাড়ির পাশে কাটা গাছের গুঁড়ি দেখতে পাওয়া যায়। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে কিছু কাঠের অংশ পুকুরে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। পরে বন বিভাগের কালিকৃষ্ণনগর সাব-বিটের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে প্রায় ১৫ ফুট লম্বা আটটি একাশি প্রজাতির গাছের গুঁড়ি উদ্ধার করেন।
অভিযুক্ত ইউপি সদস্য আবুল কাশেম দাবি করেছেন, বন বিভাগের প্রহরীর কাছ থেকে মরা গাছ কাটার মৌখিক অনুমতি নিয়েছিলেন তিনি, কারণ গাছগুলোর কারণে তার ফসলি জমির ক্ষতি হচ্ছিল। তবে কর্তব্যরত বন প্রহরী শাহজাহান জানান, তিনি ছুটিতে ছিলেন এবং ছুটি থেকে ফিরে গাছ কাটার বিষয়টি জানতে পারেন। কুমিল্লা রেঞ্জের বন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


























