যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে কোনো ধরনের চুক্তি করতে আগ্রহী নন। টেক্সাসের সান আন্তোনিওতে এক নির্বাচনী সমাবেশ সমর্থকদের উদ্দেশে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে চুক্তি নিয়ে কাজ করছেন এবং তিনি একজন দক্ষ আলোচক। তবে ট্রাম্পের মতে, চুক্তি করা এমন কিছু নয় যা তিনি করতে চান, যদিও ইরান যুদ্ধ থামাতে সব ধরনের শর্ত মানতে রাজি রয়েছে।
সমাবেশে ট্রাম্প দৃঢ়তার সঙ্গে বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। ইরানকে একটি দুর্বল রাষ্ট্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশটির এখন আর বড় কোনো লড়াইয়ের শক্তি অবশিষ্ট নেই।























