জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় পুলিশ ও বিজিবির গুলিতে নিহত মোস্তফা জামান সমুদ্রের মৃত্যুর বিবরণ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন তাঁর বাবা মনিরুজ্জামান। তিনি জানান, ২০২৪ সালের ১৯ জুলাই জুমার নামাজ পড়তে বের হয়ে আর ফিরে আসেনি তাঁর ছেলে। একটি গুলি তাঁর বাম বাহু ও পাঁজর ভেদ করে বুকের ভেতরে ঢুকে গিয়েছিল।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫তম সাক্ষী হিসেবে তিনি এ জবানবন্দি দেন। এই মামলায় বিজিবির তৎকালীন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজন অভিযুক্ত রয়েছেন।
আদালতে কান্নায় ভেঙে পড়ে মনিরুজ্জামান বলেন, নামাজ শেষে ছেলে বাসায় না ফেরায় খোঁজ নিয়ে জানতে পারেন সে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পরে বেটার লাইফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি তাঁর সন্তান হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
এদিন একই মামলায় দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন রামপুরায় নিহত আমির হোসেনের স্ত্রী আননি। তিনি জানান, ১৯ জুলাই তাঁর স্বামী আন্দোলনে যোগ দিয়ে রামপুরা একরামুন্নেছা স্কুলের সামনে গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। তিনিও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন।


























