ভারতের রাজধানী দিল্লিতে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের যৌন হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত দিল্লি পুলিশের সহকারী কমিশনার (এসিপি) বিবেক ভগতের বিরুদ্ধে মামলা করার দাবিতে বিক্ষোভ করার সময় অভিযোগকারী নারী সাংবাদিকসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের আটক করে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যায়। গত শনিবার যন্তর মন্তরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন নারী সাংবাদিক হেনস্থার শিকার হন বলে অভিযোগ ওঠে।
এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু করেছে বিরোধী দলগুলো। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।























