সৌদি আরবের আকাশসীমা ব্যবহারকারী বিমানগুলোর নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি সামুদ্রিক সমন্বয় সংস্থা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনী হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার পর এই হুঁশিয়ারি দেওয়া হলো।
হুথি নিয়ন্ত্রিত সংস্থাটি জানিয়েছে, সৌদি আরবের সামরিক অভিযান অব্যাহত থাকলে দেশটির আকাশসীমা আর নিরাপদ থাকবে না। তবে উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তারা প্রকাশ করেনি। এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, হুথিদের বিরুদ্ধে ইয়েমেনের সরকারি বাহিনীর সমন্বিত অভিযান শুরু হয়েছে। ইয়েমেনের সহকারী প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল সামির আল-সাবরি জানিয়েছেন, অভিযানের প্রথম ধাপে বাব আল-মান্দাব প্রণালি ও বন্দরনগরী মোখাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের সব এলাকায় রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।























