অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে (এএমএল/সিএফটি) সংশ্লিষ্ট তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে পারস্পরিক তথ্য আদান-প্রদানের ক্ষেত্রেও কঠোর গোপনীয়তা বজায় রাখার তাগিদ দেওয়া হয়েছে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে দেশের তফসিলি ব্যাংকগুলোর প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের (ক্যামেলকো) নিয়ে আয়োজিত এক সভায় এই নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন।
বৈঠক সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএফআইইউ-সংক্রান্ত বিভিন্ন স্পর্শকাতর তথ্য গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে। এ বিষয়ে সতর্ক করতেই ব্যাংকগুলোর কর্মকর্তাদের তলব করা হয়। বিএফআইইউ প্রধান জানান, তথ্যের গোপনীয়তা রক্ষা করা না গেলে আন্তর্জাতিক মূল্যায়নে বাংলাদেশের অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। সামগ্রিক সুরক্ষার স্বার্থেই ব্যাংকগুলোকে এই সতর্কতা দেওয়া হয়েছে।


























