পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়া এবং সেখান থেকে যুক্তরাজ্যের কূটনীতিকদের বহিষ্কার করা হলে পাল্টা ব্যবস্থা হিসেবে ২৭ জন ইসরায়েলি কূটনীতিককে সপরিবারে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আরের নির্দেশে আগামী ৮ অক্টোবরের মধ্যে পূর্ব জেরুজালেমের ওই কনস্যুলেটটি বন্ধ করার প্রস্তুতি চলছে। পশ্চিম তীরে ইসরায়েলি কর্মকাণ্ডের ওপর যুক্তরাজ্যের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জের ধরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যুক্তরাজ্য সতর্ক করেছে যে, কনস্যুলেট বন্ধ করা হলে তারা ইসরায়েলি কূটনীতিকদের দেশ থেকে বের করে দেবে।
এই সংকট সমাধানে এবং কনস্যুলেটটি চালু রাখতে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল সম্প্রতি গোপনে ইসরায়েল সফর করেছেন। তিনি ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন ও ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাজ্য সম্প্রতি নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়, যা আগামী বছর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এই নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।























