সীমিত আয়ের মানুষদের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার এবং শহরের ওপর মানুষের চাপ কমাতে সরকার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণের জন্য দেশের সব জেলায় মাস্টারপ্ল্যানের কাজ শুরু করা হয়েছে।
সোমবার সকালে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, পরিকল্পিত নগরায়ণের প্রাতিষ্ঠানিক ভিত্তি জোরদার করতে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে পৃথক নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-১১) অর্জনে কার্যকর ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের জন্য পর্যাপ্ত, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























