ইরান কূটনৈতিক উপায়ে যেকোনো সমস্যার সমাধানে আগ্রহী। তবে দেশটির ওপর কোনো ধরনের সামরিক আগ্রাসন হলে আরও কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেছেন, ইরান যেমন কূটনৈতিক সমাধান খুঁজতে আন্তরিক, তেমনি নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায়ও দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, ‘আমরা কূটনৈতিক পথে একটি ন্যায্য সমাধানে পৌঁছাতে প্রস্তুত। একই সঙ্গে যেকোনো সামরিক আগ্রাসনের জবাবে আরও বিধ্বংসী প্রতিক্রিয়া জানাতেও প্রস্তুত।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের আগে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও একই ধরনের মন্তব্য করেছিলেন। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য তেহরানের প্রস্তাবিত সাত দিনের রোডম্যাপকে কেন্দ্র করে তিনি এই মন্তব্য করেন।
তেহরানের এই অবস্থান স্পষ্ট করে যে, তারা একদিকে যেমন কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত, অন্যদিকে সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাতেও দ্বিধা করবে না।























