ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে যে, তারা সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সফল হামলা চালিয়েছে। তবে সৌদি নেতৃত্বাধীন জোট এই দাবিকে সম্পূর্ণ ‘বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিয়েছে।
শনিবার হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে দাবি করেন, রিয়াদে আরামকোর নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে অভিযান চালানো হয়েছে এবং হামলার পর সেখানে আগুন ধরে যায়। ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য প্রদেশে সাম্প্রতিক সৌদি বিমান হামলার জবাবেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
হুথি মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় সানা ও অন্যান্য প্রদেশে উল্লেখযোগ্য সংখ্যক বিমান হামলা চালানো হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবরোধের জবাব অবরোধ এবং উত্তেজনার জবাব উত্তেজনা দিয়েই দেওয়া হবে।
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি হুথিদের এই দাবি দৃঢ়ভাবে নাকচ করেছেন। সৌদি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি জানান, রিয়াদে হামলার বিষয়ে হুথিদের বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। নিজেদের অভ্যন্তরীণ ক্ষয়ক্ষতি এবং ব্যর্থতা থেকে মানুষের দৃষ্টি সরাতেই এই অপপ্রচার চালানো হচ্ছে।
অন্যদিকে, শনিবার রিয়াদে আরামকোর একটি স্থাপনার কাছাকাছি এলাকায় বড় ধরনের আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাওয়ার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে সৌদি কর্তৃপক্ষ বা আরামকো কর্র্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করায় হুথিদের দাবি করা হামলার সঙ্গে ওই আগুনের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হুথিদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।























