প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারী গোষ্ঠী ও নেপথ্যের গুপ্ত মহল আবারও একজোট হয়ে দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, এই স্বৈরাচারী গোষ্ঠী গত ১৭ বছর দেশের মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল এবং ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যায়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন। তিনি দাবি করেন, এই জোট নতুন নয়; ১৯৯১ ও ১৯৮৬ সালসহ বিভিন্ন নির্বাচনেও তারা গোপনে একসঙ্গে কাজ করেছে। সে কারণেই তাদের ‘গুপ্ত’ বলা হয়।
নির্বাচনের আগে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ‘বেহেশতের টিকিট’ বিক্রির মতো প্রচারণা চালানো হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, এখন তথাকথিত ‘এক দফা’র আওয়াজ তুলে সরকারের উন্নয়ন ও সংস্কার কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।
তিনি সরকারের জনকল্যাণমুখী উদ্যোগগুলোর চিত্র তুলে ধরে বলেন, সরকার নারীদের আত্মনির্ভরশীল করতে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের জন্য ভাতার ব্যবস্থা কার্যকর করেছে। পাশাপাশি নদী-খাল খনন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।
জনসভায় প্রধানমন্ত্রী ঘোষণা দেন, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করা হবে। গ্রামের মানুষকে চিকিৎসার জন্য যেন শহরে যেতে না হয়, সে লক্ষ্যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধায় স্বয়ংসম্পূর্ণ করা হবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সব উপজেলায় ৩০ শয্যার হাসপাতাল করেছিলেন। পরে আপনাদের ফেনীর মেয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেগুলো ৫০ শয্যায় উন্নীত করেন।
স্থানীয় সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনুর দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, শুধু পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা নয়, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করা হবে।
তিনি আরো উল্লেখ করেন, স্বৈরাচারের আমলে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর জন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উন্নয়ন ও পুনর্বাসন কর্মসূচি ব্যাহত করতেই ষড়যন্ত্র চালানো হচ্ছে।


























