মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান মহাকাশে তাদের প্রথম স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হয়।
কিরগিজ প্রেসিডেন্ট সাদির জাপারভ এই ঐতিহাসিক উৎক্ষেপণ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন। তার কার্যালয় থেকে জানানো হয়েছে, এই স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে কৃষি, পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় মহাকাশভিত্তিক তথ্যের ব্যবহার নতুন দিগন্ত উন্মোচন করবে।
সংযুক্ত আরব আমিরাতের সাথে যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। স্যাটেলাইটটির নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হবে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে স্থাপিত একটি অত্যাধুনিক নিয়ন্ত্রণকেন্দ্র থেকে।
এই স্যাটেলাইটের মাধ্যমে কৃষিজমি, হিমবাহ, জলাশয়, বনাঞ্চল ও চারণভূমির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যাবে। এছাড়া প্রাকৃতিক বাস্তুতন্ত্রে পরিবর্তন এবং অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ আহরণ, অননুমোদিত বর্জ্য ফেলার স্থান ও বিভিন্ন ধরনের দূষণের উৎস শনাক্তকরণে এর তথ্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। পরিবহন ব্যবস্থা ও পণ্য সরবরাহের পথকে আরও কার্যকর করতেও এসব তথ্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
কিরগিজস্তানের জন্য তাদের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ মহাকাশ প্রযুক্তি এবং স্যাটেলাইটনির্ভর তথ্য ব্যবহারের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।























