ইসরায়েলের কাফর কারা এলাকায় মহাসড়ক-৬৫ সংলগ্ন একটি স্থানে ছোট প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বিমানটি মাটিতে আছড়ে পড়ার পরই এতে ভয়াবহ আগুন ধরে যায়।
সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, দুর্ঘটনার পরপরই ইসরায়েলি ফায়ার সার্ভিস ও রেসকিউ দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দ্রুত পার্শ্ববর্তী বাসাবাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলেও ফায়ার সার্ভিসের তত্পরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও উদ্ধার কাজ নির্বিঘ্ন করতে পুলিশ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মহাসড়কটি বন্ধ করে দেয়।
উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ থেকে ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আর বিমানের ভেতরে আটকে পড়া অপর ব্যক্তির মরদেহ পরে উদ্ধার করা হয়। বিমানটি প্রশিক্ষণমূলক ফ্লাইটে নিয়োজিত ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।























