ভারতে ঐতিহাসিক মসজিদ, মাদরাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা হরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে দেশটির সংখ্যালঘু মুসলিমদের অধিকার সুরক্ষায় জাতিসংঘ, ওআইসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ ভারতের বিভিন্ন রাজ্যে উচ্ছেদ অভিযਾਨের নামে শতাব্দীপ্রাচীন ধর্মীয় স্থাপনা ভেঙে ফেলার তীব্র নিন্দা জানান। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ঐতিহাসিক শাহী মসজিদের অংশবিশেষ ভেঙে ফেলাসহ উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড ও গুজরাটে বিচারিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে চলা ‘বুলডোজার নীতি’ ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের পরিপন্থী বলে উল্লেখ করেন তারা।
নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এবং ওয়াকফ সংশোধন আইনের মতো বৈষম্যমূলক নীতির কারণে ভারতের মুসলিম জনগোষ্ঠীর নাগরিক ও ধর্মীয় অধিকার আজ চরম সংকটের মুখে পড়েছে। প্রকাশ্য স্থানে ধর্মীয় আচার পালন এবং প্রাত্যহিক জীবনেও মুসলিমরা ইসলামোফোবিয়ার শিকার হচ্ছেন বলে বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করা হয়।























