যুক্তরাষ্ট্রে দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে বসবাসকারী উইসকনসিনের বৃহত্তম মসজিদের সভাপতি সালাহ সারসুরকে দেশ থেকে বহিষ্কার করা যাবে বলে রায় দিয়েছেন এক অভিবাসন বিচারক। পররাষ্ট্রমন্ত্রীর একটি স্মারকলিপির ভিত্তিতে এই রায় দেওয়া হয়েছে বলে জানা গেছে, যা নিয়ে মার্কিন মুসলিম কমিউনিটিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট বিচারক পররাষ্ট্রনীতিসংক্রান্ত আইনের আওতায় এই বহিষ্কারযোগ্যতা নির্ধারণ করেছেন। তবে এটি কোনো তাৎক্ষণিক বহিষ্কারাদেশ নয় এবং রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার আইনি সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সারসুরের আইনজীবীরা। তারা জানান, ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান নেওয়ার কারণেই মূলত তাকে রাজনৈতিক টার্গেট করা হয়েছে।
এর আগে চলতি বছরের মার্চ মাসে অভিবাসন কর্তৃপক্ষ সালাহ সারসুরকে আটক করে। দীর্ঘ সময় কারাবাসের পর ফেডারেল আদালতের নির্দেশে তিনি মুক্তি পান। বর্তমানে তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।























