দুবাইভিত্তিক বাজেট এয়ারলাইন ‘ফ্লাই দুবাই’ ইসরায়েলে চলাচলকারী তাদের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে। বুধবার এই ঘোষণা দেওয়া হয়। এর আগে একই দিন দুবাই থেকে তেলআবিবগামী একটি ফ্লাইটে অনাকাঙ্ক্ষিত ছুরিকাঘাতের ঘটনার পর বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
ফ্লাই দুবাইয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, গত ৩০ সেপ্টেম্বরের এফজেড১০৭৩ ফ্লাইটে ঘটে যাওয়া ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তদন্ত কাজ চলছে। এই তদন্ত চলাকালীন ইসরায়েলগামী ও ইসরায়েল থেকে আসা সব ফ্লাইট স্থগিত রাখা হবে।
এয়ারলাইনটি জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য ও পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনার সুযোগ করে দিতেই এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের যাত্রী, ক্রু এবং সার্বিক কার্যক্রমের নিরাপত্তা ও কল্যাণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
এর আগে বুধবার ১৭৪ জন যাত্রী নিয়ে দুবাই থেকে তেলআবিবের উদ্দেশে রওনা দেওয়া ফ্লাই দুবাইয়ের ওই ফ্লাইটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে প্রধান পাইলট স্মিত মচ্ছর আহত হন। পরবর্তীতে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে।























