মরহুমা তুন ড. সিতি হাসমাহ মোহদ আলীর জানাজা অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের উপস্থিতি নিয়ে মন্তব্য করার কারণে শিক্ষাবিদ ও মুসলিম ধর্মীয় বক্তা রিদুয়ান তি আবদুল্লাহর সমালোচনা করেছেন এমসিএ ন্যাশনাল ইয়ুথের ডেপুটি চেয়ারম্যান মাইক চং ইয়ু চুয়ান।
চং বলেছেন, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই জানাজাকে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার বা তাদের উপস্থিতিকে ভণ্ডামি হিসেবে উপস্থাপনের সুযোগ হিসেবে ব্যবহার করা উচিত হয়নি।
রিদুয়ান সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করে জানান, তিনি সিতি হাসমাহর জানাজায় উপস্থিত ছিলেন এবং সেখানে রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা জানাতে দেখেছেন। তিনি তাদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন এবং ইঙ্গিত দেন যে, তাদের কেউ কেউ তার মৃত্যুর পরই কেবল উদ্বেগ প্রকাশ করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ গত ২৮ সেপ্টেম্বর ১০০ বছর বয়সে মারা যান। দেশটির সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সমাজকল্যাণে তার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানায়। একই দিনে পুত্রজায়ার পুসারা নেগারায় তাকে সমাহিত করা হয়।
চং আরও উল্লেখ করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষের শেষকৃত্যে উপস্থিতিকে মৃত ব্যক্তি ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানানোর প্রকাশ হিসেবেই দেখা উচিত। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ কেন শ্রদ্ধা জানাতে এসেছেন, তা নিয়ে প্রশ্ন তোলা বা বিরোধ তৈরি করার সময় এটি নয়। মালয়েশিয়া একটি বহু জাতি, বহু ধর্ম ও বহুসাংস্কৃতিক দেশ। রাজনৈতিকভাবে আমাদের মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু জাতি, ধর্ম বা পরিচয়-সংশ্লিষ্ট প্রতিটি বিষয়কে সংঘাতে পরিণত না করেও আমরা মতবিরোধ করতে সক্ষম হওয়া উচিত।
চং অভিযোগ করেন, রিদুয়ান বারবার ভাষা, জাতিগত পরিচয় ও সাংস্কৃতিক পরিচয়-সংশ্লিষ্ট বিষয় সামনে নিয়ে আসছেন। তিনি মালয়েশিয়া এয়ারলাইন্সের ইন-ফ্লাইট ম্যাগাজিনে বাহাসা মালয়েশিয়ার ব্যবহার নিয়ে রিদুয়ানের সাম্প্রতিক সমালোচনা, হাংরি ঘোস্ট ফেস্টিভ্যালের ব্যানারে চীনা অক্ষর ব্যবহারের বিষয়ে তার প্রশ্ন এবং ইউনিফায়েড এক্সামিনেশন সার্টিফিকেট বা ইউইসিকে ‘কমিউনিজমের পণ্য’ হিসেবে আখ্যায়িত করার বিষয় উল্লেখ করেন।
ভাষার দৃশ্যমানতা নিয়েও রিদুয়ানের সাম্প্রতিক মন্তব্য মালয়েশিয়ায় বিতর্ক সৃষ্টি করেছে। গত আগস্টে তিনি হাংরি ঘোস্ট ফেস্টিভ্যালের একটি ব্যানারে বাহাসা মালয়েশিয়া না থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।























