দেশকে অস্থিতিশীল করার জন্য একটি মহল ও আওয়ামী লীগের দোসররা নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) দুপুরে ভোলার যুগীরঘোল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের জেলা প্রধান কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। বর্তমান সরকার দেশের অর্থনৈতিক ভঙ্গুর দশা কাটানো এবং মানুষের হারিয়ে যাওয়া বাক্স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল রাতারাতি পরিষ্কার করা সম্ভব না হলেও জনগণের অধিকার রক্ষার্থে যা যা করণীয় সরকার তার সবকিছুই নিশ্চিত করবে। এছাড়া পুলিশ যাতে সত্যিকার অর্থে জনগণের বন্ধু হিসেবে পাশে থেকে দায়িত্ব পালন করতে পারে, সে বিষয়েও সরকার সজাগ রয়েছে বলে জানান তিনি।
তরুণ ও যুবসমাজকে দেশের আগামীর ভবিষ্যৎ হিসেবে অভিহিত করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ইউনিয়ন ও তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময়ী খেলোয়াড় তৈরি এবং খেলাধুলাকে পেশাগত স্বীকৃতি দিতে ক্রীড়া ভাতা চালুর কার্যক্রম শুরু হয়েছে, যার মূল উদ্দেশ্য একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ উপহার দেওয়া। প্রধান কার্যালয় উদ্বোধনের পর প্রতিমন্ত্রী ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবসমাজ গড়ে তোলার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম নবী আলমগীরসহ স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






















