যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে কাতার। পর্দার আড়ালের আলোচনাকে সংকটের একমাত্র কার্যকর সমাধান মনে করে দোহা। সংকট উত্তরণে ওয়াশিংটন এবং তেহরান—উভয় পক্ষকেই প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করছে কাতার সরকার। ব্রিটিশ এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি।
এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও মধ্যস্থতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে যে, দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রেখেছে দোহা। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক সংঘাত এড়াতে এবং শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে কাতার।























