স্থানীয় সংসদ সদস্যকে না জানিয়ে এবং কোনো ধরনের বিকল্প ব্যবস্থা গ্রহণ না করেই রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাথ উচ্ছেদ অভিযান পরিচালনার ঘটনায় গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।
ডা. শফিকুর রহমান বলেন, মিরপুর ১৩ থেকে ১০ নম্বর এলাকায় উচ্ছেদ অভিযানকালে পুলিশ, সিটি করপোরেশনের কর্মী এবং ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। অথচ সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে একটি সুশৃঙ্খল ও মানবিক উপায়ে এ সমস্যার সমাধান করা সম্ভব ছিল। তিনি আরও অভিযোগ করেন, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে এসব ব্যবসায়ীর কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। জনগণের চলাচল নির্বিঘ্ন করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সমন্বিত ও টেকসই পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তিনি।


























