ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসে কথাকাটাকাটির জেরে আইসিটি বিভাগ এবং বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত করতে গিয়ে আইসিটি বিভাগের সভাপতি অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদসহ বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন।
জানা যায়, আগের দিন ক্যাম্পাস থেকে কুষ্টিয়াগামী বিশ্ববিদ্যালয়ের বাসে উচ্চস্বরে কথা বলা ও আড্ডাকে কেন্দ্র করে দুই বিভাগের দুই শিক্ষার্থীর মধ্যে মারামারি হয়। এই ঘটনার জেরে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রক্টর কার্যালয়ে এক সমঝোতা সভার আয়োজন করে। সেখানে বিষয়টি মীমাংসা হওয়ার কথা থাকলেও সভা শেষে নিচে নামতেই উভয় পক্ষের শিক্ষার্থীরা ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের মতে, আইসিটি বিভাগের অল্পসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী মিটিংয়ে অংশ নিলেও নিচেই বাংলা বিভাগের শতাধিক শিক্ষার্থী অবস্থান নেয় এবং অতর্কিত হামলা চালায়। শিক্ষার্থীদের নিবৃত্ত করতে গিয়ে আইসিটি বিভাগের সভাপতি অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদ আঘাতপ্রাপ্ত হন। এছাড়া পরিস্থিতি সামাল দিতে গিয়ে অপর এক শিক্ষক জ্ঞান হারিয়ে ফেলেন। গুরুতর আহত অবস্থায় এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন শিক্ষকরা।






















