দেশের সব বন্দরকে রাজনৈতিক বলয়মুক্ত করে সুস্থ, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি স্পষ্ট করে বলেছেন, বন্দর কোনো রাজনৈতিক বলয়ের জায়গা নয় এবং বন্দর পরিচালনায় কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।
বুধবার দুপুরে কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি বা প্রটোকল ছাড়াই হঠাৎ বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বন্দরের বিভিন্ন শেড ঘুরে দেখেন এবং পণ্য সংরক্ষণ ও খালাস কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে বন্দরের বিদ্যমান সমস্যা, আমদানি-রপ্তানি কার্যক্রম, সেবার মান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থলবন্দরসহ সামগ্রিক কার্যক্রমে এক ধরনের রাজনৈতিক নেতৃত্বের কর্তৃত্ব রয়েছে, যার ফলে প্রকৃত ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারেন না। বর্তমান সরকার এই পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আনতে চায়। প্রকৃত ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বন্দরের কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি।
বেনাপোল বন্দরের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে এই বন্দরের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের বড় একটি অংশ এই বন্দরকে কেন্দ্র করে পরিচালিত হয়। ফলে বন্দরের সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং সেবার মান বাড়ানোর ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে সেবা পান, সে বিষয়টিও নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।






















