ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের দরিদ্র কৃষক মো. রফিক মিয়া উচ্চ রক্তচাপে ভুগছেন। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্নারে নিয়মিত সেবা নিলেও সেখানে প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে দীর্ঘমেয়াদী এই রোগের চিকিৎসায় ব্যাঘাত ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
স্বাস্থ্যখাত সংশ্লিষ্টদের মতে, দেশে অসংক্রামক রোগের প্রকোপ দিন দিন বাড়ছে এবং মোট মৃত্যুর একটি বড় অংশ ঘটছে হৃদরোগ বা স্ট্রোকের মতো জটিলতায়। এই পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের মাধ্যমে নিয়মিত সেবা প্রদান করা হচ্ছে। তবে নিয়মিত ও নিরবচ্ছিন্ন ওষুধের সরবরাহ নিশ্চিত করা না গেলে রোগীদের স্বাস্থ্যঝুঁকি কমানোর এই উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে।


























