মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দকৃত তহবিল ছেড়ে দেওয়ার কোনো ধরনের প্রস্তাব দেওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রকাশিত একটি প্রতিবেদনের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, সংবাদমাধ্যমে প্রকাশিত ওই তথ্য সম্পূর্ণ অসত্য। তিনি জোর দিয়ে বলেন, তেহরানকে এমন কোনো সুযোগ বা প্রস্তাব তিনি দেননি।
অ্যাক্সিওসের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, পারমাণবিক কর্মসূচি সীমিত করার শর্তে যুক্তরাষ্ট্র ইরানকে নিষেধাজ্ঞা শিথিলকরণ ও জব্দ করা অর্থ ছাড় করার অফার দিতে প্রস্তুত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কিছু কর্মকর্তার বরাত দিয়ে এই খবর প্রচার করা হয়েছিল।
রিপাবলিকান এই মার্কিন নেতা প্রতিবেদনটিকে ভিত্তিহীন ও ভুয়া খবর হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এর আগে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে তেহরানের একটি প্রস্তাব প্রকাশ্যে নাকচ করে দিয়েছিলেন ট্রাম্প। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি বিবেচনায় আগামীতে দুই দেশের মধ্যে পরোক্ষ বা প্রত্যক্ষ আলোচনার পথ উন্মুক্ত হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।
উল্লেখ্য, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের একটি বিশাল অংশ তেল ও গ্যাস সরবরাহ করা হয়। বর্তমান সংঘাতে এই নৌপথের নিরাপত্তা ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে এবং এর রাজনৈতিক প্রভাব মার্কিন প্রশাসনের অন্দরেও পড়তে শুরু করেছে।























