গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃতদের নিরাপদে উপকূলে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
কোস্ট গার্ড জানায়, গত শুক্রবার ‘এফভি রিফাত’ নামের ফিশিং বোটটি ১৩ জন জেলে নিয়ে টেকনাফ থেকে সাগরে মাছ ধরতে যায়। পরে সোমবার বিকেলে মাছ ধরা শেষে ফেরার পথে সেন্টমার্টিনের দক্ষিণ উপকূলে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ সময় বোটে থাকা এক জেলে জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান।
তথ্য পাওয়ার পর সাগরে টহলে থাকা কোস্ট গার্ড জাহাজ ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেন্টমার্টিন থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণ থেকে বোটসহ জেলেদের অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়। উদ্ধার হওয়া বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।






















