কুষ্টিয়ার মিরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অপরাধে রাজিব কুমার ঘোষ (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আদায়কৃত জরিমানার অর্থ ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগীকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম শফিকুল ইসলাম জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রাজিব কুমার কুষ্টিয়ার মিরপুর উপজেলার উত্তর কাটদহ গ্রামের জয় ঘোষের ছেলে।
মামলার বিবরণী থেকে জানা যায়, আসামি রাজিব দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। কোনো সাড়া না পেয়ে ২০২২ সালের ২ ডিসেম্বর দুপুরে কিশোরীর মা-বাবার অনুপস্থিতির সুযোগে বাড়িতে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। কাউকে না জানানোর শর্তে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরবর্তীতেও সুযোগ বুঝে তাকে একাধিকবার ধর্ষণ করেন তিনি। পরে বিয়ের কথা অস্বীকার করলে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ওই বছরের ১১ ডিসেম্বর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে মিরপুর থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মুরাদুল ইসলাম একই বছরের ৩০ ডিসেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেছেন।


























