অব্যাহত মূল্যস্ফীতির বাজারে মাত্র ২৫ টাকায় মিলছে ছয় পদের খাবার। এক প্লেট ভাতের সঙ্গে অর্ধেক সেদ্ধ ডিম, পটল ভাজি, আলু ভর্তা, আলু ভাজি ও শাক ভাজির পাশাপাশি ফ্রি ডাল দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার হোটেল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এটি ‘সিস্টেম’ হোটেল নামেই পরিচিত। কম দামে ভালো মানের খাবার পাওয়ায় সকাল ও দুপুরের খাবারে এই হোটেলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, এই হোটেলের উদ্যোক্তা মানিক মিয়া জীবিকার টানে কুমিল্লার লাকসাম ছেড়ে বহু বছর আগে রাজশাহীতে থিতু হন। বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ মেহেরচণ্ডী এলাকায় বসবাস শুরু করা ষাটোর্ধ্ব মানিক মিয়া প্রায় ২৬ বছর ধরে এই হোটেলটি পরিচালনা করে আসছেন। দুই দশক আগেও এই বিশেষ খাবারটি মিলত মাত্র ৬ টাকায়। সময়ের সঙ্গে জিনিসপত্রের দাম বাড়লেও শিক্ষার্থীদের কথা মাথায় রেখে দামের মাত্রা সীমিত রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের কাছাকাছি অবস্থিত হওয়ায় আবাসিক ও অনাব আবাসিক শিক্ষার্থীদের জন্য এটি বেশ সুবিধাজনক স্থানে রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এমন সাশ্রয়ী মূল্যে খাবার পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।






















