তীব্র অর্থনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কবলে পড়ে ইরানি মুদ্রার মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। দেশটির মুক্তবাজারে বর্তমানে এক মার্কিন ডলারের বিপরীতে ২৪ লাখ রিয়াল পর্যন্ত বিনিময় হচ্ছে। এর আগে ডলারের দাম ২৩ লাখ রিয়ালের কাছাকাছি পৌঁছালেও এবার তা নতুন রেকর্ড সৃষ্টি করল।
ইরানের অর্থনীতি বর্তমানে ভয়াবহ চ্যালেঞ্জের মুখে রয়েছে। দেশটির বার্ষিক মূল্যস্ফীতি ৬১ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে, যার ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গত এক বছরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়েছে ১২৮ দশমিক ১ শতাংশ।
মার্কিন নিষেধাজ্ঞার কারণে বৈদেশিক মুদ্রার সরবরাহ সংকটে থাকা ইরানের কেন্দ্রীয় ব্যাংক পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে মুদ্রার এই নজিরবিহীন দরপতন দেশটির ভঙ্গুর অর্থনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।























