বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪ ধারায় গ্রেফতার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
রিমান্ড শেষে এদিন আসামিকে আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সাত দিনের রিমান্ডের আবেদন করেন ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিমের পরিদর্শক মেজবাহ উদ্দিন। আবেদনে উল্লেখ করা হয়, উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে আটক রবিউল গত ১৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে অবস্থান করছেন। তার গতিবিধি অত্যন্ত সন্দেহজনক।
পুলিশ জানায়, আসামির পাসপোর্টের সঙ্গে তার কাছে থাকা ড্রাইভিং লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্রের জন্মতারিখের কোনো মিল নেই। তিনি এর আগে একাধিকবার বাংলাদেশ ভ্রমণ করলেও সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারেননি এবং বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। সাম্প্রতিক সময়ে নাশকতামূলক কার্যক্রমে তার সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তাকে পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


























