চলতি বছরে ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২,১৫৮ জন, যা এই বছরের একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরো ৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার এই তথ্য জানানো হয়েছে।
চলতি মাসের মাত্র ২৭ দিনে ডেঙ্গুতে মোট ১২৮ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৪৮ জন। এই তথ্য উদ্বেগজনকভাবে স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ বাড়াচ্ছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২২৭ জন, চট্টগ্রামে ৩৪৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৭ জন, খুলনায় ৩২৯ জন, ময়মনসিংহে ১৩২ জন, রাজশাহীতে ১৭৬, রংপুরে ৭৩ এবং সিলেটে ১২ জন ভর্তি হয়েছেন। এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৭৫৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২২৫ জন এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৬৯৪ জন। এ বছর মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬২.৪ শতাংশ পুরুষ এবং ৩৭.৬ শতাংশ নারী।






















